কওমি কণ্ঠ রিপোর্টার :
সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন শেষে এবার জনতার চোখ স্থানীয় সরকার নির্বাচনের দিকে। ঈদের পরপরই সিলেটসহ অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনের জোরালো ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর সারা দেশের মতো অপসারণ করা হয় আওয়ামী লীগের আমলের বিতর্কিত সিটি নির্বাচনের মেয়র আনোয়ারুজ্জামানকে। বর্তমানে প্রশাসক দিয়ে চলছে সিটি করপোরেশনের প্রশাসনিক কাজ।
এদিকে, সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এখনই সিলেটে শুরু হয়েছে আলাপ-আলোচনা। দলীয় ব্যানারে মেয়র প্রার্থীর পাশাপাশি আলোচনায় রয়েছেন সামাজিক ব্যক্তিত্বও। এরমধ্যে রয়েছেন সিলেটের পরিচিত মুখ, সুস্থ বিনোদনমূলক আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী বেলাল আহমেদ মুরাদ।
গুঞ্জন উঠেছে- আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন। তাঁর ঘনিষ্টজন সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে বেলাল আহমেদ মুরাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
জানা গেছে, বেলাল আহমেদ মুরাদ সিলেটে ব্যতিক্রমী নাটক ও কন্টেন্টের প্রবর্তক। তার নাটকের মাধ্যমে দেওয়া হয় পরিবর্তন, সম্ভাবনা ও সচেতনতার বার্তা। প্রতিটি নাটকেই থাকে শিক্ষা ও সামাজিক সচেতনতার বিষয়বস্তু। যা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। সচেতনতামূলক নাটক নির্মাণ ও ব্যতিক্রমী অভিনয়ের জন্য তরুণ এই অভিনেতা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে আমন্ত্রণ পেয়েছেন একাধিকবার।
অভিনয়ের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ রয়েছে বেলাল আহমদ মুরাদের।
সিলেটের সচেতন অনেক নাগরিক বলছেন- বর্তমান প্রজন্ম চায় তারুণ্য ও পরিবর্তন। সেই লক্ষ্যকে সামনে রেখে মুরাদের পরিকল্পনা ও ব্যতিক্রমী চিন্তাধারা বদলে দিতে পারে সিলেটকে। তাই তিনি আগামী সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচন করলে ভালো ফলাফল আসতে পারে।