টিসিবির কার্যক্রম নিয়ে সিলেটে এসে যা বললেন বাণিজ্যমন্ত্রী

কওমি কণ্ঠ রিপোর্টার :

সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে ভবিষ্যতে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করা হবে। এ জন্য প্রতি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকার টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিসিবির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে যাতে কোনো অনিয়ম না হয়, সেটি নিশ্চিত করবে নাগরিক কমিটি। টিসিবির পণ্য সরবরাহ যেন জন আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেটি আমরা নিশ্চিত করব।’

বিক্রয়কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যরা।

পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি। এর অংশ হিসেবে ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে।