কওমি কণ্ঠ ডেস্ক :
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছ। নেয়া হচ্ছে নানা প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক সফরসূচি থেকে জানা গেছে, শনিবার (২ মে) প্রধানমন্ত্রী সিলেট সফরে আসবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।
বেলা ১১টায় চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।
এদিকে তার আগমনকে ঘিরে সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কগুলোতেও চলছে সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম। গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং প্রয়োজনীয় সাজসজ্জার কাজ চলছে জোরেশোরে।
সফরকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে পুলিশ টহল, বসানো হচ্ছে অতিরিক্ত চেকপোস্ট এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা করেছে। দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।