কওমি কণ্ঠ রিপোর্টার :
সংসদ সদস্য হিসেবে আজ শপথ নিয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে প্রথম ধাপে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কক্ষে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁর মহান এই শপথকে নিজ আসন সিলেট-৬ এর দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন- আমার নির্বাচনী আসনের সকল মানুষের অকৃত্রিম ভালোবাসা না পেলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। তাই এই শপথ তাঁদেরকেই উৎসর্গ করছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর এই ব্যালট-রায়ের যথাযথ মূল্যায়ন যাতে আল্লাহ আমাকে দিয়ে করান- এই দোয়াই করি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৩৪৮ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।