কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট বিভাগে টানা ৯৬ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী চার দিন সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর মেঘমালা তৈরি হচ্ছে, যা কিছুদিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে সিলেট অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে টানা বৃষ্টির কারণে সিলেট মহানগরের নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল, সেখানে দুর্ভোগ বাড়তে পারে।
এছাড়া, বৃষ্টিপাত অব্যাহত থাকলে হাওর ও নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা আগাম বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম পরিস্থিতির দিকে নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নগরবাসীকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।