কওমি কণ্ঠ রিপোর্টার :
জাতীয় সংসদ অধিবেশনে সোমবার (২০ এপ্রিল) রাতে বক্তব্য রাখতে গিয়ে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আবারও নিজ নির্বাচনি এলাকার ঘরে ঘরে গ্যাস প্রদানের দাবি জানিয়েছেন সরকারের প্রতি। পাশাপাশি বৃহত্তর সিলেটের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি এবং নিজের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে উন্নত ও আলোকিত করে গড়ে তুলতে সংসদ স্পিকারের মাধ্যমে দুই মন্ত্রীর একান্ত সহযোগিতা চেয়েছেন।
বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- আজও আমরা সিলেটবাসী উন্নয়নবঞ্চিত। সড়পথে যোগাযোগব্যবস্থা অত্যন্ত নাজুক। ১০-১২ ঘণ্টা লাগে সিলেট থেকে ঢাকায় যাতায়াত করতে। পর্যান্ত ট্রেন নেই। আর আকাশপথের ভাড়া আকাশচুম্বী। অথচ বর্তমান প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি সিলেটে। আমাদের আপা জনাবা ডা. জুবাইদা রহমানের বাড়ি সিলেটে। এবার আমরা আশাবাদি, সিলেটবাসী কাঙ্খিত উন্নয়ন পাবেন।
তিনি আরও বলেন- আমার নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের সঙ্গে তৎক্ষালীন প্রধানমন্ত্রী আমাদের দীর্ঘদিনের অভিভাবক মরহুমা বেগম খালেদা জিয়া আশ্বাস দিয়েছিলেন যে, এই দুই উপজেলা থেকে গ্যাস যায় সারা দেশে। স্থানীয়ভাবে চাহিদা পূরণ করে তারপরও যাবে অন্যত্র। কিন্তু আজও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান করা হয়নি। আমাদের প্রিয় নেত্রীর সেই আশ্বাস দ্রুত বাস্তবায়ন করা হোক। এছাড়া প্রবাসী অধ্যুষিত আমার দুই উপজেলায় বেশিরভাগ রাস্তাঘাটের করুণ দশা। দুটি সেতু অপরিহার্য। স্বাস্থ্যখাত বেহাল। পর্যান্ত ডাক্তার-নার্স-ওষুধ নেই। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।
তারেক রহমান জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড উল্লেখ করে সিলেট-৬ আসনের নবনির্বাচিত এই সাংসদ বলেন- জুলাই বিপ্লব আমর সবাই মিলে করেছি। এটা কারও একার অবদান নয়। কিন্তু এখন জুলাই চেতনার কথা বলে বলে আমাদের সিনিয়র নেতাদের প্রতি কটূক্তি করা হচ্ছে। এটি কোনোভাবে মেনে নেওয়ার নয়। জুলাই বিপ্লব হয়েছে বৈষম্যহীন দেশ গড়ার জন্য। রাজনৈতিক প্রতিপক্ষকে গালাগালি করে বক্তব্য দেওয়ার জন্য নয়। মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরে চাঁদাবাজি করার জন্য। আসুন- আমরা এসব বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন দেশ গড়ি।