কওমি কণ্ঠ রিপোর্টার :
আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সিলেট জেলায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। চলবে ১০ মে পর্যন্ত।
প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা সিভিল সার্জন ডাক্তার মো. নাসির উদ্দিন।
রবিবার (১৯ এপ্রিল) বিকালে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ডাক্তার নাসির উদ্দিন জানান- সিলেট জেলায় ৬ মাস থকে ৫ বছর কম বয়সী সকল শিশুর জন্য এ টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। উক্ত ক্যাম্পেইনের আওতায় সিলেট জেলায় মোট ২ হাজার ৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ১২টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২ হাজার ৪৪৯টি অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে।
তিনি বলেন- হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। সাধারণত একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মাঝে হাচি-কাশির মাধ্যমে অতি দ্রুত ছড়ায়। হামের সংক্রমনের উপসর্গ দেখা দিতে ১০-১৪ দিন সময় লাগতে পারে। প্রাথমিক উপসর্গ সাধারনত জ্বর, কাশি, চোখ লালা হওয়া ও সর্দি ইত্যাদি।
সিভিল সার্জন জানান- জটিলতাগুলোর মাঝে আছে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনফালাইটিস, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি। শিশুদের মাঝে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়।
অন্যদিকে, রুবেলাও একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামণ রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এই দুইটি রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে সঠিক সময়ে টিকা দিয়ে শিশুদের সুরক্ষিত রাখা।