শামসুদ্দিন হাসপাতালের পর এবার ওসমানীতে ‘হাম আইসোলেশন’

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। ল্যাব পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। 

আর এই ২৪ ঘণ্টায় সিলেটে হামে আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে এ রোগে মৃত্যুর এটি প্রথম।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)-তে চিকিৎসাধীন হামে আক্রান্ত ৪ মাস বয়েসি শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ মিজানুর রহমান। 

এদিকে, হাম ও রুবেলা রোগীদের চিকিৎসায় গত ২৬ মার্চ থেকে সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ শয্যার বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়। পরিস্থিতি সামাল দিতে এবার এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার আরেকটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) থেকে এ সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩৭ জনের শরীরে হাম ও রুবেলার সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৬ জন (রুবেলা ২ জন), মৌলভীবাজারে ১০ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৯ জন ভর্তি হয়েছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

এছাড়া নর্থ ইস্ট হাসপাতাল, রাগীব রাবেয়া হাসপাতাল, ওসমানী মেডিকেল হাসপাতাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়াইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন করে ভর্তি আছেন। 

অপরদিকে, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ,মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন।

তাছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন করে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক হাম ও রুবেলা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ১ জন, সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন এবং পার্কভিউ হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।

আর উপজেলা পর্যায়ে জৈন্তাপুর ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে, শান্তিগঞ্জে ৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মাধবপুর ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন রোগী চিকিৎসাধীন।