সিলেটে মেয়র পদে এনসিপির প্রার্থী অ‍্যাড. আফজাল

কওমি কণ্ঠ রিপোর্টার :

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেয়র পদে তাদের প্রার্থী প্রাথমিকভাবে মনোনীত করেছে।

রবিবার (২৯ মার্চ) রাত দশটার দিকে এনসিপি কেন্দ্রীয় কমিটির এক প্রেস ব্রিফিংয়ে দলটির সিলেট মহানগর শাখার আহবায়ক অ‍্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন এনসিপি সিলেট মহানগর কমিটির যুগ্ম-সদস্যসচিব তাসনিয়া আক্তার লুবনা।

এদিকে, আব্দুর রহমান আফজালকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রার্থীর প্রতি অভিনন্দন জানিয়েছেন সিলেট এনসিপির এই নেত্রী।

তিনি এক অভিনন্দনবার্তায় বলেন- দলের এই দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত প্রমাণ করে যে, কেন্দ্রীয় নেতৃত্ব সিলেট মহানগরের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল। অ‍্যাড. আব্দুর রহমান আফজাল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির, সাহসী ও জননেতৃত্বে পরীক্ষিত ব্যক্তিত্ব—তাঁর নেতৃত্বে সিলেট মহানগর একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নয়নমুখী নগরীতে পরিণত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তাসনিয়া আক্তার লুবনা আরও বলেন- জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবে এবং আগামী সিসিক নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল জনসমর্থনে বিজয় নিশ্চিত করবে।