কওমি কণ্ঠ রিপোর্টার :
ঈদের দিন গতকাল শনিবার (২১ মার্চ) সিলেট বিভাগে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেছে দুই শিশুর।
জানা গেছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিম আক্তার (৮) নামে এক শিশু।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় মিম।
মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে। জানা যায়, ঈদ উপলক্ষে সকালে মায়ের সঙ্গে সে নানার বাড়ি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে আসে। বিকেলে সেখান থেকে টমটমযোগে নবীগঞ্জ শহরের ছালামতপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় আকস্মিকভাবে নিয়ন্ত্রণহীন একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে—একটি নিষ্পাপ প্রাণ হারানোর বেদনায় স্তব্ধ হয়ে পড়ে পরিবার ও স্বজনরা।
এদিকে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদে খেয়া নৌকা ডুবে সুফিয়া বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (ঈদের দিন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এতে তার পরিবারে আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত সুফিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের সতু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর পূর্বপাড়ে লাউড়েরগড় এবং পশ্চিমপাড়ে মানিগাঁও গ্রাম অবস্থিত। মানিগাঁওয়ে সুফিয়ার নানাবাড়ি। ঈদের দিনে ছোট দুই ভাইকে নিয়ে নানাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সে খেয়া নৌকায় ওঠে। লাউড়েরগড়-শিমুলবাগান এলাকায় নদ পারাপারের সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় মাঝনদীতে গিয়ে সেটি হেলে পড়ে ডুবে যায়। এতে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সুফিয়া নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কারণে নৌকায় স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী ছিল। নৌকাটি হেলে পড়ে ডুবে গেলে অনেককে উদ্ধার করা হলেও সুফিয়াকে বাঁচানো যায়নি। তবে তার দুই ছোট ভাই প্রাণে রক্ষা পেয়েছে।
তাহিরপুর থানার এসআই দীপক দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।