বিএনপি কানাডা পশ্চিম শাখার দোয়া ও ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কানাডা পশ্চিম শাখার উদ্যোগে, অন্টারিও বিএনপি ও সিটি বিএনপির সহযোগিতায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার টরন্টো সিটির বাংলাদেশ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই অভ্যুত্থানসহ গত ১৫ বছরে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এছাড়াও বিএনপির নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আব্দুল আহাদ খন্দকার। উপস্থিত ছিলেন অন্টারিও বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমন চৌধুরী, সিটি বিএনপির সভাপতি মইন চৌধুরী, বিএনপি নেতা রনি চৌধুরী এবং সিনিয়র নেতা এজাজ খান। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Uprot Immigration Consultancy-এর স্বত্বাধিকারী খান ইমরুল চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্টারিও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জহির মো. সাকিব। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।