আলোকিত সিলেট গড়তে এমপি এমরান চৌধুরীর যে উদ্যোগ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিতে যাচ্ছেন ব্যতিক্রমী উদ্যোগ। আসন্ন ঈদুল ফিতরের পরপরই তিনি বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে মতবিনিময় আয়োজন করে সিলেটের উন্নয়ন কীভাবে বেগবান করা যায় সে পরামর্শ ও পরিকল্পনা গ্রহণ করবেন।

শনিবার (১৪ মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি এ উদ্যোগের কথা তুলে ধরেন। এসময় এমপি বলেন- আমি ব্যক্তি উদ্যোগে এ মতবিনিময়ের আয়োজন করবো।

উন্নয়নের ক্ষেত্রে সিলেট আসলেই পিছিয়ে আছে উল্লেখ করে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- এবার বড় সুযোগ এসেছে, আমাদের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন। রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক। এবার এসব সুযোগ কাজে লাগিয়ে সিলেটের কাঙ্খিত উন্নয়ন করা সম্ভব হবে ইনশা আল্লাহ। ঈদের পরপরই সমাজের স্টেক হোল্ডারদের নিয়ে একটি মতিবিনময়ের আয়োজন করবো। এ থেকে সবার পরামর্শ ও পরিকল্পনা নিয়ে আমরা সবাই একটি আলোকিত সিলেট গড়বো।

উল্লেখ্য, শনিবার মহানগরের মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।