কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটবাসীকে এবার ঘিরে ধরেছে আরেক আতঙ্ক। সময়ের আগেই শুরু হয়েছে আগাম কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঝড়ের তান্ডব ও বজ্রপাত। গত ৩ দিনে ধরে বিভিন্ন সময়ে চলছে সিলেটজুড়ে চলছে এসব।
এর মধ্যে রবিবার রাতে মাছ ধরতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম রতন তালুকদার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার নয়াবাজার এলাকায় ধলাই নদীতে এ ঘটনা ঘটে।
রাম রতন সুনামগঞ্জের ধর্মপাশার তেলিগাও গ্রামের মহানন্দ তালুকদারের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হক মামুন।
তিনি জানান, রাম রতন একজন জেলে। রোববার রাতে তিনি ধলাই নদীতে মাছ ধরতে যান। পরে রাত ৮ টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এই বজ্রপাত সিলেটবাসীর মনে এবার আগাম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে- সিলেটের দিকে ধেয়ে আসা বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে বজ্রসহ শিলাবৃষ্টি অব্যাহত থাকবে কয়েক দিন। গত তিন দিন ধরেই সিলেট অঞ্চলে দিন ও রাতের বিভিন্ন সময় বজ্রসহ এই শিলাবৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, আগামী ৪-৫ দিন সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।