কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেটে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
আহত পেট্রোল পাম্প কর্মীর নাম মিঠু গোয়ালা। ছুরিকাঘাতের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে ইফতারের দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসেন এক গ্রহাক। এসময় ইফতারের সময় ঘনিয়ে আসায় তেল দিতে অপারগতা প্রকাশ করায় ওই গ্রাহকের সঙ্গে কর্মীদের কথাকাটাকাটি হয়। ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সৌমেন মৈত্র বলেন, ইফতারের দুই মিনিট আগে পেট্রোল পাম্পে তেল না দেওয়ায় পাম্প কর্মীদের সঙ্গে কথাকাটাকাটি হয় এক গ্রাহকের। ইফতার পরে ওই গ্রাহক এসে মিঠু গোয়ালা নামে এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
তিনি আরও বলেন, আহত পেট্রোল পাম্পকর্মী শঙ্কামুক্ত। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশ কাজ করছে।