কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে অপহরণ ও মুক্তিপণ দাবিকারী চক্রের ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানাপুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র জব্দ করা হয়।
রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে মহানগরের তাঁতিপাড়ার নাজমা নিবাস নামীয় ৫৬ নং বাসা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কবল থেকে অপহৃত এক প্রবাসীকেও উদ্ধার করে পুলিশ।
আটকরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), মহানগরের শাহজালাল উপশহর এলাকার বি ব্লকের ১৫ নং রোডের ১৫ নং বাসার মো. মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), সুনামগঞ্জ জেলার ছাতক থানার মন্ডলপুর গ্রামের মো. ফয়জুল করিমের ছেলে জুবাইন আহমদ (১৯), সিলেটের জালালাবাদ থানার আমানতপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে সুফিয়ান আহমদ (১৯), মহানগরের চৌকিদেখী এলাকা ৬৪/১ নং বাসার মো. আনোয়ার মিয়ার ছেলে মো. জাকির হোসেন (১৯), কাজীটুলা এলাকার বিহঙ্গ-৭০ এর আবুল হোসেনের ছেলে মো. মারজান (১৯), সুনামগঞ্জ জেলার ছাতক থানার রায়সত্তরপুর গ্রামের মো. সুজন মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (১৮), সিলেট মহানগরের হাওয়াপাড়া এলাকার দিশারী-৮১ এর রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), দিশারী-৪৪্এর মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮) ও শিবগঞ্জ এলাকার মজুমদারপাড়ার মো. রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সন্ধ্যা ৬টার দিকে মহানগরের তাঁতিপাড়া পয়েন্ট থেকে সুহেল সরকার (২২) নামে এক তরুণকে অপহরণ করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার মৃত খোকা সরকারের ছেলে। ১৪/১৫ জনের একটি চক্র তাকে অপহরণ করে সিলেট মহানগরের তাঁতিপাড়াস্থ নাজমা নিবাস নামীয় ৫৬নং বাসার ২য় তলায় আটকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ও মারপিট করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।
অপহরণকারীরা একপর্যায়ে সুহেল সরকারকে তার পরিহিত জামা-কাপড় খুলে ভিডিও ধারণ করে।
পরে এ ঘটনা পুলিশকে অবহিত করিলে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি দিয়া সুহেলকে ছেড়ে দেয়।
ঘটনার পরপরই সুহেল সরকার বিষয়টি পুলিশকে অবহিত করিলে কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে নাজমা নিবাস থেকে অপহরণ ও মুক্তিপণ দাবিকারী চক্রের ১০ জনকে আটক করে।
এসময় এখানে তাদের কবলে জিম্মি থাকা জাহিদ আহমদ (৪২) নামে এক প্রবাসীকে উদ্ধার করে পুলিশ। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাহার উদ্দিনের ছেলে। তাকে অপহরণের পর মারধর করে মোবাইল ও নগদ টাকা নিয়ে নেয় ওই চক্রের সদস্যরা।
পুলিশ অপহরণকারীদের কাছ থেকে দুই ভিকটিমের মোবাইল ফোন সেট ও টাকা উদ্ধার করে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।