আসছে তেল-গ্যাসের ১০টি জাহাজ, আছে ২৫ দিনের অকটেন মজুত

কওমি কণ্ঠ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে আসছে তেল-গ্যাসের ১০টি জাহাজ। এরই মধ্যে রোববার (৮ মার্চ) সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। প্রায় ৬০ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ পথে রয়েছে।

এছাড়া সোমবার (৯ মার্চ) জাহাজ দুটি চট্টগ্রামে এসে পৌঁছাবে। সব মিলিয়ে ১০টি জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস রয়েছে।

হরমুজ প্রণালি বন্ধের আগে পারস্য উপসাগরের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জাহাজ চট্টগ্রামে আসতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে। এছাড়া ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে পৌঁছেছে আরও চারটি জাহাজ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহ ঝুঁকির মুখে পড়ে।

হরমুজ প্রণালি ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব—এই সাত দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা-নেওয়া হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালির পাশের দেশ ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহন ঝুঁকির মধ্যে পড়েছে। পারস্য উপসাগর থেকে এই প্রণালি পেরিয়ে ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে জাহাজ আসে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার (৬ মার্চ) জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

এদিকে, একদিন আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলেছিল, সারাদেশে অকটেনের মজুত ২৩ হাজার ৫০০ টন। যা দিয়ে বর্তমান অবস্থায় ২৫ দিনের মতো সামাল দেওয়া যাবে। অথচ ডিজেলের মজুত কম। চাহিদার কারণে বর্তমান মজুত ডিজেলে ১৫ দিন চলবে। কিন্তু ডিজেল নিয়ে তেমন মাতামাতি না হলেও গত দুদিনে অকটেন নিয়ে শোরগোল শুরু হয়। দেশের অধিকাংশ পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও প্রাইকেটকারের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকে তেল সংগ্রহ করছেন।

মোটরসাইকেল ও প্রাইভেটকার-জিপের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অকটেন। মোটরসাইকেলে প্রায় শতভাগ হলেও প্রাইভেটকার ও জিপ অকটেনের পাশাপাশি এলপিজি, এলএনজি ব্যবহার করেও চলে।