কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকায় গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিন-দুপুরে প্রকাশ্যে সিএনজিচালিত অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলে এবং দুজন ছিনতাইকারী মুখ প্রকাশ্যে আসলেও আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ঝড়।
অবশ্য পুলিশ বলছে, অপরাধীদের ধরতে পুলিশের একটি টিম গঠন করা হয়েছে। টিমের নেতৃত্বে রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন অতিরিক্ত উপ-কমিশনার। ঘটনার ফুটেজ ও ছবিগুলো নিয়ে কাজ করছে এই টিম।
সোমবার দুপুরে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার ভাইরাল হওয়া প্রায় ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়- হাউজিং এস্টেটের ভেতরের গলিতে তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করেন। এসময় তাদের একজন অটোরিকশার ভেতরে থাকা এক নারীর কাছ থেকে ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই নারী বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগটি ছিনিয়ে নেন। পাশে থাকা আরেক সহযোগীকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। পরে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।
ঘটনার সময় আশপাশে লোকজন চলাচল করলেও কেউ সরাসরি বাধা দিতে এগিয়ে আসতে দেখা যায়নি। পুরো ঘটনাটি সড়কের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এছাড়া আরেকটি সিসিটিভি ক্যামেরায় এক ছিনতাইরীর মুখ স্পষ্ট ধরা পড়েছে এবং আরেকজন ছিনতাইকারীকে পিস্তল হাতে দেখা গেছে। তবে এর মুখ ততটা স্পষ্ট নয়।
জানা গেছে, এ ঘটনার ভুক্তভোগী নারী হাউজিং এস্টেট এলাকারই বাসিন্দা। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে ভুক্তভোগীর চেকবইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যাওয়ায় তিনি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে একজন এডিসিকে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে। এই টিম সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত বিশ্লেষণ করে কাজ করছে। আশা করছি ছিনতাইকারীরা শীঘ্রই ধরা পড়বে।’