সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: মন্ত্রী আরিফুল হক

কওমি কণ্ঠ ডেস্ক :

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি সম্মান রেখেই তিনি দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টা ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, তাঁর কাছে মন্ত্রিত্ব ব্যক্তিগত অর্জন নয়, এটি সিলেটবাসীর উপহার। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ তাঁর নির্বাচনী এলাকার মানুষ যে রায় দিয়েছেন, তার প্রতি সম্মান রেখেই তিনি কাজ করতে চান। মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমাদের দায়বদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, কারও প্রতি বৈরি মনোভাব না নিয়ে আমরা সবাইকে সঙ্গে নিয়েই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। পাঁচ বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু কাজের পরিধি অনেক বড়।

রমজানের প্রথম দিনে সিলেটে এসে তিনি হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারতের কথা জানান। আগামীকাল তিনি পুরো দিন নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কাটাবেন বলেও জানান।