জকিগঞ্জে দুর্ঘটনায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যু

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত অফিস সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ফখরুল ইসলাম জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মৃত আব্দুশ শুক্কুর মিয়ার ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন।

নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ জানান, সোমবার বিকেলে তাঁর বাবা জকিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে শেওলা-জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় একটি ব্যাটারিচালিত টমটম তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সন্ধ্যা প্রায় ছয়টার দিকে পথেই তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে না বলে জানিয়েছেন স্বজনেরা। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় আহত হয়ে সিলেটে চিকিৎসায় যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(মূল রিপোর্ট : সিলেটভয়েস)