সিলেটে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহানগরের চৌহাট্টা এলাকায় সড়কে অবস্থান নিয়ে প্রায় ২০ মিনিট অবরোধ করার পর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। এ রিপোর্টা লেখা (বেলা আড়ইটা) পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

বিক্ষোভকারীরা জানান- ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব বৈষম্যমূলক ও অযৌক্তিক। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হবে। ফলে তারা আন্দোলনে নেমেছেন। 

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। 

তার আগে রবিবার সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় একই দাবিতে তীব্র প্রতিবাদ জানানো হয়।

আন্দোলনকারীরা বলেন- প্রস্তাবিত কোটা ব্যবস্থা প্রকৌশল সেক্টরে বিদ্যমান বৈষম্য আরও বাড়াবে। তাই অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিভাগীয় আইডিইবি ও সংগ্রাম পরিষদের জেলা শাখার নেতাদের ঘোষিত কর্মসূচি সফল করতে সমন্বয়ের আহ্বান জানানো হয়।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে- দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি।