কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের জকিগঞ্জের একটি হাওরে লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা জানায়, গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় থেকে লন্ডন প্রবাসী বোরহান উদ্দীন শফির (৫৯) আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে জকিগঞ্জ থানায় দুদিন পর মামলা দায়ের করা হয়। ১৮ ফেব্রুয়ারি মামলাটি পুলিশের জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।
এরপর থেকেই জড়িতদের ধরতে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। একপর্যায়ে গত শুক্রবার মামলার প্রধান আসামি জকিগঞ্জের বাসিন্দা সাব্বির আহমেদকে (২১) গ্রেফতারর করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার ২নং আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভনকে (২০) নারায়নগঞ্জের পূর্বাচল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
একইদিনে অপর আসামি তাহিরুল হককে (২০) তার শ্বশুর বাড়ি লালাগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এসময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ব্যক্তিগত দ্বন্দের জের ধরে শফিকে হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর এ বিষয়ে সাব্বির ও শোভন আদালতে দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
জানা যায়, বুরহান উদ্দিন শফি (৫৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট মহানগরের চৌকিদেখী এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি লন্ডন প্রবাসী ছিলেন। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। পরে জকিগঞ্জের হাওরে মিলে পোড়া লাশ।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আলামত জব্দ ও আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।