জগন্নাথপুরে ছাত্রলীগ নেত্রী চাদঁনী বেগমের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের প্রবাসী নেত্রী চাঁদনী বেগমের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২অক্টোবর) রাতের আঁধারে সংঘটিত এই ঘটনায় বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয়, এতে পরিবারটির নারী ও শিশু সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত হঠাৎ করে চাঁদনী বেগমের বাড়িতে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত এলাকা ত্যাগ করে। হামলার সময় পরিবারের সদস্যরা চরম মানসিক চাপে পড়েন।

ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে। চাঁদনী বেগমের বিরুদ্ধে দেশে বিগত দুই বছরে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে ১৮ জুলাই ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিরোধিতা ও আন্দোলনের পরিকল্পনাকারী হিসেবে একটি মামলা এবং ১০ নভেম্বর ২০২৪ তারিখে রাজনৈতিক পরিচয়ের কারণে আরও একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার প্রেক্ষিতে পুলিশ চাঁদনী বেগমের বাড়িতে গেলে তারা জানতে পারে, মামলার বাদী যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এদিকে চাঁদনী বেগম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে যুক্তরাজ্যে বিভিন্ন সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধী দলের বিপক্ষে মন্তব্য এবং আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার কারণে তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিরোধী দল জামায়াত-শিবির, বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের পক্ষ থেকে হুমকি পেয়ে আসছিলেন বলে পরিবারটির দাবি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই ঘটনার আগেও একাধিকবার পুলিশি অভিযান এবং বিরোধী দলের কর্মীদের দ্বারা বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।